চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ২৯

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২২:২৫

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

ভোলার চরফ্যাশনে ৩টি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এতে একটি ট্রলারের মাঝি মামুনসহ ১৪ জেলেকে অপর একটি ট্রলারের সহায়তায় উদ্ধার করা গেলেও ২টি ট্রলারের মাঝিমাল্লাসহ ২৯ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মত্স্যঘাটের মনির মাঝি ও নুরাবাদ ইউনিয়নের সাজাহান মাঝির ট্রলার দুইটি গভীর সমুদ্রে মাছ শিকারে গেলে শনিবার বিকালে ও সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ডুবে যায়।

সামরাজ মাছঘাটের সাদ্দাম মত্স্য আড়তের কেরানি আবদুল মন্নান ঝড়ের কবল থেকে ফিরে আসা প্রত্যক্ষদর্শী আবুল কালাম মাঝির বরাত দিয়ে জানান, তারা মনির মাঝির ট্রলারটি ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ডুবে যেতে দেখেছেন। এসময় তারা উদ্ধারের চেষ্টা করেও নিজেদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শেষে ফিরে এসেছেন। ঐ সময় ট্রলারটিতে মাঝিসহ ১৩-১৪ জেলে ছিল। মাদ্রাজের ওয়াজেদ আলী বলেন, ঐ ট্রলারে তার ছেলেও রয়েছে। এ বিষয়ে আইনি সহায়তা পেতে তিনি চরফ্যাশন থানায় লিখিতভাবে জানিয়েছেন।

চরমাদ্রাজ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদার জানান, গভীর সমুদ্রে ২টি ট্রলার ডুবির খবর পেয়েছি। একটির মাঝিমাল্লা উদ্ধার হলেও অপর ট্রলারটি এবং মাঝিমাল্লাদের উদ্ধারে অন্য একটি ট্রলার চেষ্টা করেও প্রবল ঝড়ের কারণে ব্যর্থ হয়ে ফিরে  এসেছে।