নবগঠিত পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ঈশ্বরদীর তিন নেতা। এরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পৌরসভা মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম আক্তারুজ্জামান আক্তার। তিনজনের মধ্যে বাবলু ও আক্তারুজ্জামান কারাগারে এবং জাকারিয়া পিন্টু পলাতক রয়েছেন। গত ৪ জুলাই পাবনা জেলা বিএনপির এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায় ঘোষণা করা হয় গত ৩ জুলাই। পাবনা স্পেশাল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। মামলায় ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছরের সাজা হয়েছে। ৫২ আসামির মধ্যে পাঁচজন মারা গেছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ আসামির মধ্যেই রয়েছে বাবলু, পিন্টু ও আক্তারুজ্জামানের নাম। নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ঐ তিনজন সদস্য মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, পাবনা জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঈশ্বরদীর সন্তান হাবিবুর রহমান হাবিব। যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সদস্য সচিব সিদ্দিকুর রহমান। বাকি ৪০ জন কমিটির নির্বাহী সদস্য।
