পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২২:৩৩

পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভারতীয় সীমন্তে গরু পারাপারের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক এরাশাদুল হক (৩৫) নিহত ও অপর দুজন আহত হয়েছেন। এরশাদুলের বাড়ি ঐ ইউনিয়নের ইসলামপুর গ্রামে। 

এলাকাবাসী জানিয়েছে, সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এরশাদুল হকসহ সাত-আট জনের একটি দল ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গরু পারাপার করতে থাকে। এ সময় ভারতীয় ১৪৮ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহলদলের সদস্যরা গুলি ছোড়ে। এতে এরশাদুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিন সন্তানের জনক এরশাদুল। আহতদের নাম তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী সরকার বলেন, সীমান্তে অবৈধভাবে যাওয়ার জন্য এরশাদুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বড় ভাই সাইদুজ্জামান থানায় একটি অভিযোগ দিয়েছেন। রংপুর-৬১ বিজিবির বুড়িমারী কোম্পানির নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে কথা বলার চেষ্টা চলছে।