তিল তিল করে ব্যাংকে জমানো লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন গৃহবধূ রোকেয়া বেগম। টাকা ফেরত পাবেন এ আশ্বাসে তিনি থানা থেকে অভিযোগ তুলে নেন। তারপরও টাকা না দেওয়ায় তিনি আদালতে মামলা করেছেন। গতকাল রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন সাতক্ষীরার মিলবাজার এলাকার মাছুমবিল্লাহর স্ত্রী রোকেয়া বেগম।
রোকেয়া বলেন, স্বামীর উপার্জনের দুই লাখ টাকা নিজ হিসাবে পর্যায়ক্রমে জমা করেন তিনি। গত ২৩ জুন তিনি ৯৯ হাজার টাকা তুলতে একটি চেক জমা দেন। এ সময় তার হাতে একটি টোকেন দেন কর্মচারীরা। টোকেনটি ক্যাশিয়ারের কাছে নিয়ে গেলে ক্যাশিয়ার বলেন, টাকা তো আপনার ছেলে নিয়ে গেছে। জবাবে রোকেয়া বলেন, আমার ছেলে তো আসেনি। ক্যাশিয়ার কোনো জবাব দিলেন না। তিনি বলেন, ক্যাশিয়ার মিজানুর রহমান ও মধ্য কাটিয়ার ইয়াছিন ডাক্তারের ছেলে ব্যাংক কর্মচারী কামরুল ইসলাম কামুর যোগসাজশে এ টাকা আত্মসাত করা হয়েছে। ব্যাংক ম্যানেজারের কাছে গিয়েছি। তিনি বলেন, তদন্ত করে দেখছি। থানায় একটি লিখিত অভিযোগ দেই। পরদিন ২৪ জুন গণমুখী ক্লাবে কামু সবার সামনে বলেন, আপনি থানা থেকে অভিযোগ তুলে নিন। আমি কালই টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তবে কিছু টাকা কম নিতে হবে। পরে অভিযোগ প্রত্যাহার করে নেই। কামু পরদিন বলেন ‘কোনো টাকা দিতে পারবো না। পারলে আদায় করে নিও’। তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।
