২৫ জুলাই ২৭৭টি স্থানীয় সরকারের নির্বাচন

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২২:৩৯

আসন্ন ২৭৭টি স্থানীয় সরকারের নির্বাচনের ৩৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে একটি পৌরসভার সবগুলো পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য ৩৮টি নির্বাচনের মধ্যে রয়েছে একটি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ৩৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে-৩৯টি স্থানীয় সরকারের নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এগুলোর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও রাজশাহীর পুঠিয়া ইউপির (ইউনিয়ন পরিষদ) পুরোটাই ইভিএমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। আর অন্যগুলোতে বিভিন্ন ওয়ার্ড সদস্য পদের নির্বাচনে এই ভোটযন্ত্র ব্যবহার করা হবে। এজন্য অফিস আদেশে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয়              ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ জুলাই মোট ২৭৭টি স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এগুলোর মধ্যে ছয়টি ইউপি ও একটি পৌরসভায় সাধারণ নির্বাচন। অন্যগুলোতে বিভিন্ন ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যে ছয়টি ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো-ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুট ইউপি, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ, রাজশাহীর পুঠিয়া ও জিউপাড়া এবং রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রাম ইউপি।

ঐসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হলো ৩০ জুন। মনোনয়নপত্র বাছাই ছিল ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামীকাল মঙ্গলবার (৯ জুলাই)। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।