সিমেন্ট বোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২২:৪০

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে গতকাল রবিবার বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে গেলে ঐ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোয়াইনঘাট উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত বার্কিপুর বেইলি ব্রিজটি সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সারীঘাট হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ রক্ষা করে আসছিল। প্রতিদিন এ সড়কে হাজার হাজার যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল করে থাকে। সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ব্যবসায়ীরাও এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। গোয়াইনঘাট উপজেলা সদরে প্রবেশের একমাত্র প্রধান সড়কের এ ব্রিজটিতে গতকাল একটি সিমেন্ট বোঝাই ট্রাক উঠার পর তা ভেঙে খাদে পড়ে যায়। এতে সারী-গোয়াইনঘাট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে পথচারী ও যাত্রীরা পড়েছেন মহাভোগান্তিতে। অভিযোগ উঠেছে দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরও এ ব্রিজের কোনো পাশে নেই সড়ক ও জনপথ বিভাগের সতর্কতামূলক কোনো সাইনবোর্ড।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, সারী-গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সিলেট সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।