মাগুরায় কলেজছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২২:৪১

পৌর এলাকার শিবরামপুর মর্ডান মোড়ে লিছান (১৬) নামে এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় ইউসুফ রেজা (১৬) নামে আহত অপর এক কলেজ ছাত্রকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লিছান মাগুরা পৌর এলাকার মঠবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং আহত ইউসুফ রেজা মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের জাফর আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,  গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে লিছান ও ইউসুফ পৌর এলাকার শিবরামপুর মর্ডান মোড়ে এলাকায় গেলে এক যুবক প্রথমে লিছানকে ছুরিকাঘাত করে। তাকে ঠেকাতে গেলে ইউসুফকেও ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে লিছান মারা যায়।

পুলিশ সুপার খান মো. রেজোয়ান মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আহত ইউসুফকে  দেখতে  যান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, একাদশ শ্রেণির এক ছাত্র ছুরিকাঘাতে নিহত এবং একজন আহত হয়েছে। দোষীদের গ্রেফতারে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কি কারণে এই হত্যার ঘটনা ঘটল পুলিশ তা তদন্ত করছে।