চোরাচালান মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১২ জুন ২০২৪, ১৭:৪৭

চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১২ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। রাজিবপুর থানার ওসি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১২ সালের বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, বর্ডারহাট এলাকায় পণ্য চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। 

জানা গেছে, মিরন মো. ইলিয়াস উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব। তিনি বর্তমান মেয়াদে সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

ইত্তেফাক/পিও