জনগণের পুষ্টি উন্নয়নে কাজ করছে বারটান

আপডেট : ১২ জুন ২০২৪, ২১:২৩

গতকাল মঙ্গলবার (১২ জুন) কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) আয়োজিত "সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য: অংশীজনের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেঁচ ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ফারজানা মমতাজ; বিশেষ অতিথি ছিলেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ডা: খালেদা ইসলাম। বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খোরশেদ আলম, এনডিসির সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভুঞা। 

তিনি বলেন, বর্তমানে আমাদের খাবারের পর্যাপ্ততা আছে। কিন্ত খাদ্য নিরাপত্তা নেই। অনিয়ন্ত্রিত খাবার গ্রহণের কারনে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েই চলছে।

তিনি আরও বলেন, পুষ্টিজ্ঞান কাজে লাগিয়ে সঠিক পরিমাণ পুষ্টিকর খাবার গ্রহণ সকল বয়সী মানুষের জন্য জরুরি। খাবার প্রস্তুত ও গ্রহণের সময় বয়স, লিঙ্গ, দৈহিক কাঠামো, শারীরিক অবস্থা বিবেচনায় রাখা উচিত সকলের।

নিরাপদ খাদ্য গ্রহণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপদতা নিশ্চিত, সুষম খাদ্য গ্রহণ এবং লবন, চিনি ও ফাস্টফুড গ্রহণের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান ফারজানা রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বেশ কিছু কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনএন