চাঁদপুরে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় আসামি ৩৭৮, গ্রেপ্তার ৫

আপডেট : ১৩ জুন ২০২৪, ১৭:০৪

চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় সদর মডেল থানায় আলাদা দুটি মামলায় ৩৭৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৫ জন।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মুহসীন আলম।

গ্রেপ্তার ৫ আসামি হলেন—শহরের পুরান বাজারের সঞ্জয় বর্মণ (১৯), জাকির হোসেন (২৮), বাবুল বেপারী (৪৪), ইয়াছিন মহব্বত (২৫) ও রিপন ইসলাম (২৮)।

থানা পুলিশ জানায়, অটোচালক আল-আমিন হত্যার ঘটনায় তার বাবা মজিদ খান গত ১২ জুন থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

এছাড়া একইদিন সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীর ওপর আক্রমণের ঘটনায় ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় আরেকটি মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস সরকার।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মুহসীন আলম বলেন, ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।   

ইত্তেফাক/ডিডি