সূচনা হলো বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য এলাকার

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০০:৪৭

আফ্রিকার ৫৪টি দেশের নেতারা গতকাল রবিবার নিজেরে এক শীর্ষ সম্মেলনে তাদের মহাদেশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চলের আনুষ্ঠানিক সূচনা করেছেন। সফল হলে আফ্রিকার ১৩০ কোটি মানুষ একত্রিত হয়ে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের একটি মুক্ত অর্থনৈতিক এলাকা তৈরি করবে যেটি হবে বিশ্বের সর্ববৃহত্ মুক্ত বাণিজ্য এলাকা। ৫৪ টি দেশের মধ্যে এখন পর্যন্ত ২৫টি দেশের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়েছে। ফলে এটি পুরোপুরি কার্যকর হতে আরো কিছু সময় লাগবে। খবর বিবিসির

বর্তমানে আফ্রিকার দেশগুলোর নিজেদের মধ্যে মাত্র ১৬ শতাংশ বাণিজ্য হয়, এর বিপরীতে ইউরোপের দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্য প্রায় ৬৫ শতাংশ। নতুন মুক্ত বাণিজ্য চুক্তিতে সিংহভাগ পণ্যের ওপর শুল্ক ও কর প্রত্যাহারে ঐক্যমত্য হয়েছে এবং ধারনা করা হচ্ছে এর ফলে মধ্যমেয়াদে আফ্রিকায় আন্ত:বাণিজ্য ১৫ থেকে ২৫ শতাংশ বেড়ে যাবে। অন্যান্য কিছু মতভেদ দূর হলে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলে ধারনা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

আইএমএফ বলেছে, এই বাণিজ্য চুক্তি আফ্রিকার চেহারা বদলে দিতে পারে এবং যেভাবে এ ধরনের মুক্ত বাণিজ্য ইউরোপ এবং উত্তর আমেরিকার উন্নয়নকে তরান্বিত করেছে, আফ্রিকাতেও তার পুনরাবৃত্তি ঘটতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু শুল্ক প্রত্যাহার করলেই যে আফ্রিকায় কাঙ্খিত সুফল আসবে তা এখনো নিশ্চিত নয়। তারা বলেছেন, এই মহাদেশের দুর্বল সড়ক এবং রেল নেটওয়ার্ক, রাজনৈতিক ও জাতিগত অস্থিরতা এবং হানাহানি এবং সেইসঙ্গে আমলাতান্ত্রিক জটিলতার সমস্যাগুলোর সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশি ইথিওপিয়ার সঙ্গে রাজনৈতিক সংঘাতের কারণে ইরিত্রিয়া এই চুক্তিতে সামিল হয়নি। এপ্রিলে নতুন এই মুক্ত বাণিজ্য এলাকা গঠনে ফয়সালা হয়ে গেলেও আফ্রিকার বৃহত্তম অর্থনীতি নাইজেরিয়ার সিদ্ধান্তহীনতায় তা আটকে ছিল। তবে নাইজেরিয়া গতকাল চুক্তিতে স্বাক্ষর করে।