শুরুর ধাক্কা সামলে তামিম-সাকিবের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ  

আপডেট : ১৩ জুন ২০২৪, ২১:২৭

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই ছন্দে নেই নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। বিশ্বকাপেও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন এই দুই ক্রিকেটার। নেদারল্যান্ডসের বিপক্ষেও রানের দেখা পাননি লিটন-শান্ত। শুরুতেই তাদের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসানের ব্যাটে চাপ সামাল দিয়েছে টাইগাররা। 

বৃহস্পতিবার (১৩ জুন) ওয়েস্ট ইন্ডিজের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান শান্ত। ৩ বলে ১ রান করেন তিনি।

শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ২৩ রানে ২ বলে ১ রান করে  আউট হন লিটন। তার বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। 

এরপর ক্রিজে আসা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ তামিম। ডাচ বোলারদের ওপর চড়াও হন সাকিব। ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

ইত্তেফাক/জেডএইচ