পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। একই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান জেতায় ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল নিউজিল্যান্ড।
আজকের আফগানিস্তান-পাপুয়া নিউগিনি ম্যাচের দিকে তাকিয়ে ছিল নিউজিল্যান্ড। আফগানিস্তান হারলেই সুপার এইটে উঠার সুযোগ ছিল নিউজিল্যান্ডের। কিন্তু তাদেরকে আশাহত করেছে আফগানরা। ২০২১ আসরে ফাইনাল খেলা নিউজিল্যান্ড সর্বশেষ আট আসরেই প্রথম পর্ব পেরিয়েছে। এবার গ্রুপে নিজেদের দুটি ম্যাচ বাকি থাকতেই দেশে ফেরার টিকিট কাটতে হচ্ছে কেইন উইলিয়ামসনদের।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা পাপুয়া নিউগিনিকে মাত্র ৯৫ রানে অলআউট করেন আফগান বোলাররা। পাপুয়া নিউগিনির পক্ষে দোরিগা ২৭, নাও ১৩, উরা ১১ রান করেন। এই তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। আফগান বোলার ফজলহক ফারুকি নেন ১৬ রানে ৩ উইকেট। ৪ রানে দুই উইকেট নেন আরেক পেসার নাভিন–উল–হকের।
রান তাড়ায় আফগানিস্তানের দুই ওপেনার বিদায় নেন ২২ রানের মধ্যেই। তবে তিনে নামা গুলবদিন নাইব স্বল্প রানের লক্ষ্য নাগালের মধ্যেই রাখেন। গুলবদিন অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৯ রানে, নবী ২৩ বলে ১৬ রানে। ৭ উইকেট ও ২৯ বল বাকি রেখে পাওয়া জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠেছে আফগানিস্তান। রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলেরই পয়েন্ট তিন ম্যাচে ৬ করে।
