ভারী বর্ষণ ও ভূমিধসের পর বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। বিশেষ করে লাগাতার বৃষ্টিতে ভূমিধসের জেরে উত্তর সিকিম বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর এনডিটিভির।
দুর্যোগের কারণে রাজ্যটিতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আটকা পড়েছেন অন্তত দেড় হাজার পর্যটক। এছাড়া পর্যটনের জন্য বিখ্যাত লাচুং, লাচেন-সহ বহু এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া গেইথাং ও নামপাথাংয়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাংকালাংয়ে সেতু ধসে পড়ে মাঙ্গানের সঙ্গে জংগু এবং চুংথাংয়েরও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বহু রাস্তা ধস নেমে বন্ধ হয়ে গেছে। বহু বাড়ি ভেঙে গেছে। এই জায়গাগুলো দেশের বাকি এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বিপাকে পড়েছেন পর্যটকেরা।
উত্তর সিকিমের লাচুং, লাচেন, মঙ্গন পর্যটকদের খুবই প্রিয়। সেখানেই গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। এ ছাড়া মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক সংযোগ প্রস্তুত না করা পর্যন্ত আটকে পড়া পর্যটকদের যে যেখানে আছেন সেখানেই থাকতে বলা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মাঙ্গান জেলা প্রশাসন এই অঞ্চলে সড়ক সংযোগ পুনরায় চালু করতে ফিদাংয়ে দ্রুত একটি সেতু নির্মাণের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে।
গত বছরের অক্টোবরে তিস্তা নদীতে ব্যাপক বন্যার পর সাংকালংয়ে ধসে পড়া বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এ বছরও আবার ভেঙে পড়ল।
