মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে হবে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০০:৫১

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহ বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। এ ব্যাপারে মিয়ানমার সরকারের পাশাপাশি রোহিঙ্গাদেরও সেখানে ফিরে যাওয়ার জন্য ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। গতকাল রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠক শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহ বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকার ও জনগণকে সাধুবাদ জানাই। আমরা এই সংকটের সমাধানও চাই।’

তিনি বলেন, ‘আসিয়ানের সদস্য দেশ হিসেবে রোহিঙ্গা সংকটের সমাধান প্রত্যাশা করে মালয়েশিয়া। আমরা এই লক্ষ্যে কাজও করে চলেছি। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। এ ব্যাপারে মিয়ানমার সরকারের পাশাপাশি রোহিঙ্গাদেরও সেখানে ফিরে যাওয়ার জন্য ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট, ব্যবসা-বাণিজ্য, জনশক্তি রপ্তানি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। আগামী আগস্ট মাসে মালয়েশিয়া জনশক্তি রপ্তানির পথ খুলতে পারে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সরকারি সফরে গত শনিবার ঢাকায় এসেছেন। গতকাল রবিবার তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আজ সোমবার তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।