জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালেন এরশাদপত্নী রওশন এরশাদ। গতকাল রবিবার সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার লবিতে দেখা করেন সংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন। জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এসময় উপস্থিত ছিলেন।
এদিকে, জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, তিনি গতকাল সকাল ১১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এরশাদকে দেখে এসেছেন। কাদের বলেন, ‘আমি যখন হাসপাতালে যাই তখন ভাই ঘুমাচ্ছিলেন। মনে হচ্ছিল অনেকদিন পর ভাই শান্তিতে ঘুমাচ্ছেন। খারাপ লেগেছে তার নাকে-মুখে অনেকগুলো পাইপ দেখে। তখন তার ডায়ালাইসিস চলছিল। কিডনি কাজ না করায় ডায়ালাইসিসের মাধ্যমে এরশাদের শরীর থেকে দূষিত পানি বের করা হচ্ছে। তার অবস্থা অপরিবর্তিত। কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে।’
