সড়কে ঝরল ১৩ প্রাণ

আপডেট : ১৫ জুন ২০২৪, ০০:৩১

গত ২৪ ঘণ্টায় দেশের ৯ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই।

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাঘুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে গরুবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন: জামালপুর জেলা কালচারাল অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন রাসেলের বড় ছেলে অক্ষর, তার নানী শাশুড়ি এবং গাড়ির চালক। এই ঘটনায় রাসেল, তার স্ত্রী এবং ছোট ছেলে গুরুতর আহত অবস্থায় জামালপুর এম এ রশিদ হাসপাতালে ভর্তি আছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার জয়দেবপুর থানাধীন রক্ষিতপাড়া এলাকায় শুক্রবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি মুরগি বোঝাই পিক আপকে একটি কাভার্ড ভ্যান (ঢাকামেট্টো-ট-২২-৯৪৪৯) পিছন থেকে ধাক্কা দিলে পিক আপের হেলপার কাওসার (২২) ঘটনাস্থলেই নিহত হয়।  সে শেরপুরের নালিতাবাড়ী থানার নয়নপাড়া গ্রামের আবু বক্কার এর ছেলে। একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার বাঘের বাজার বানিয়ারচালা এলাকার পাথর কারখানা সংলগ্ন স্থানে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আব্দুল লতিফ (৪২) নিহত হন।  তিনি বানিয়ারচালা এলাকার স্থানীয় আব্দুল আলীমের ছেলে।

নান্দাইল (ময়মনসিংহ)  সংবাদদাতা জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের দক্ষিণ বাঁশহাটি বুটান এলাকায় ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ মিয়া (৪০) নামে এক যাত্রী মারা গেছেন। এ ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়ছেন।

বরিশাল অফিস জানায়, গতকাল সকাল ৭ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিশুসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতরা হলেন- জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও থ্রি-হুইলার চালক মো. সাইদুল ইসলাম (৪০) এবং থ্রি হুইলারের যাত্রী একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের ৪ বছরের শিশু সন্তান জায়ান। এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার কল্যাণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান (৪২) নিহত হয়েছেন। তিনি জেলার নাচোল উপজেলার নেজামপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-ঢাকা মহাসড়কের হাওয়াইখালী ব্রিজ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদুজ্জামান শেখের ছেলে।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেট তামাবিল মহাসড়কে চিনি বোঝাই ট্রাকের ধাক্কায়  মোটর সাইকেল আরোহী সিলেট গ্যাস ফিল্ডের কর্মচারী আয়ান (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাত আড়াইটা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, জেলার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাভার্ডভ্যান চালক বাহাদুর মিয়া (৩২) নিহত হয়েছেন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণপুর উপজেলার চড়ভাঙ্গা গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, জেলার চাটমোহরে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় আমজাদ  হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার  দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত জয়তান মন্ডলের ছেলে।

ইত্তেফাক/জেডএইচ