সম্প্রতি বরগুনায় রিফাত হত্যাসহ গত এক মাসে ২২টি হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত মহিলা আসনে বিএনপির এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, হত্যাকাণ্ডের পর ফেসবুক ও টুইটারে না আসা পর্যন্ত সেটার প্রতি প্রশাসনের তেমন কোনো মনোযোগ থাকে না। ঘটনা ঘটলেই এখন দেখতে পাই, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান। বিচারের জন্য আইন আদালত আর বিচারবিভাগ আছে। বিচার চাইতে হবে কেন? যদি পুলিশ প্রশাসন ও আদালত নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে বিচার চাওয়ার প্রশ্ন উঠে না। গতকাল রবিবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) আওতায় আনা এক নোটিশে তিনি এ প্রশ্ন তোলেন।
