মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩                   

আপডেট : ১৫ জুন ২০২৪, ১২:১৭

কুমিল্লার মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার বিপুলাসার বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় আহিল (৫) নামে এক শিশু শিক্ষার্থী, রাতে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মোটর সাইকেল আরোহী আব্দুল করিম (৭০) ও প্রবাসী শাহীন মিয়াজী (৩০) এর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিপুলাসার আল-আরাফাহ কেজি স্কুলের শিশু শিক্ষার্থী আহিল মা বাবার সঙ্গে অটোরিকশায় করে নিজ বাড়িতে যাওয়ার পথে বিপুলাসার বাজারের দক্ষিণ মাথায় পৌঁছালে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু আহিলের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা মা, বাবাও গুরুতর আহত হন। তাদের বাড়ি উপজেলার সাইকচাইল গ্রামে।

এদিকে রাত সাড়ে ৮টায় মোটরসাইকেলযোগে মনোহরগঞ্জ থেকে লাকসাম যাচ্ছিলেন মোটরসাইকেলআরোহী আব্দুল করিম। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি উপজেলার  ধীকচান্দা গ্রামে।

অপরদিকে বাহরাইন প্রবাসী শাহীন মিয়াজী গত ১০ জুন জেলার নাঙ্গলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কুমিল্লার ট্রমা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার গনিপুর গ্রামে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

       

ইত্তেফাক/এসজেড