কলেজ নির্ধারিত জিপিএ রেখেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি উন্মুক্ত করে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। গতকাল রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সভায় এমন সিন্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিন্ধান্ত অনুযায়ী, একাদশ শ্রেণিতে যে সকল শিক্ষার্থী এখনও ভর্তি হতে পারেনি বা ভর্তি হয়নি তাদের ম্যানুয়াল পদ্ধতিতে চতুর্থ ধাপে আগামী ১০-১৬ জুলাই পর্যন্ত কলেজে গিয়ে আবেদন জমা দিতে পারবে। এক্ষেত্রে আবেদনকৃত শিক্ষার্থী সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ থাকতে হবে।
যে সকল কলেজে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে ঐসব প্রতিষ্ঠানের শূন্য আসনের তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত আছে। এতে শিক্ষার্থীরা ঐ তালিকা ধরেই কলেজ পছন্দ করে ভর্তির জন্য আবেদন জমা দিতে পারবে।
আন্তঃশিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজসমূহ প্রাপ্ত আবেদন বিবেচনা করে শূন্য আসনের ভিত্তিতে মেধাভিত্তিক ভর্তিযোগ্য তালিকা আগামী ১৮ জুলাই প্রকাশ করবে। এরপর ২০-২৭ জুলাই পর্যন্ত শূন্য আসনে ভর্তি করতে পারবে কলেজগুলো। ৩০ জুলাইর মধ্যে ম্যানুয়ালি ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা বোর্ডে জমা দেবে কলেজগুলো। এতে আরো বলা হয়, ম্যানুয়াল ভর্তির জন্য শিক্ষার্থীপ্রতি ভর্তি ফি বাবদ ৪৪৫ টাকা সোনালী সেবার মাধ্যমে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। উল্লেখ্য, ভর্তি না হতে পারা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সোয়া লাখ। এরা নানা কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি।
