জনপ্রিয় আবৃত্তিশিল্পী কাজী আবু জাফর সিদ্দিকীর তত্ত্বাবধানে জোট বাঁধেন একঝাঁক তরুণ আবৃত্তিশিল্পী। ২০০৭ সালে গড়ে ওঠে আবৃত্তি সংগঠন শব্দবৃত্তি। প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে আসার ক্ষণে আনন্দ আড্ডার আয়োজন করেছিলেন দলের সদস্যরা। গতকাল রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে কবিতাকেন্দ্রিক প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন সংগঠনের সদস্যবৃন্দ। ছিল সংগীত পরিবেশনা।
এই আড্ডায় শামিল হন ভারতের ত্রিপুরা সম্মিলিত বাকশিল্পাঙ্গনের সহসভাপতি অনির্বাণ চক্রবর্তী। আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্্কাম উল্লাহ্্, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, মীর বরকত, মাসকুর-এ-সাত্তার কল্লোল প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার হেলেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি রাশেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন শব্দবৃত্তির সভাপতি আহসান উল্লাহ্্ তমাল। বৃষ্টিস্নাত সন্ধ্যায় নবনীতা আহমেদের লেখা ‘এমনই বরষা ছিল সেদিন’ শীর্ষক কবিতা পাঠ করেন কামরুন্নাহার হেলেন। মনিরুজ্জামাানের কবিতা ‘জনাল ১৯৭১’ আবৃত্তি করেন জালালউদ্দীন হীরা। শিল্পিত উচ্চারণের সেই পরিবেশনায় পঠিত হয় ‘খন্দকার আলী আক্কাস’ নামের প্যারোডি কবিতা। জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ অবলম্বনে নিয়ামত হোসেনের লেখা কবিতাটি আবৃত্তি করেন রাশেদ ভূঁইয়া। আমন্ত্রিত অতিথিশিল্পী হিসেবে কবিতাপাঠে অংশ নেন গোলাম সারোয়ার, শহীদুল ইসলাম, নাসিমা খান বকুল ও শিরিন ইসলাম। নজরুসংগীত পরিবেশন করেন অন্তরা আহ্্সান। এছাড়া একক কণ্ঠে গান শোনান হাবিব আহমেদ নচি।
সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে ভিয়েতনামের
রাষ্ট্রদূতের সাক্ষাত্
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় জোরদার হবে বলে আশা করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, ভিয়েতনামের রাষ্ট্রদূতের একান্ত সচিব ট্রান বাও সন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান, সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার ও তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের পরিচালক পূজা সেনগুপ্ত।
