ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগ উদ্বোধন

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০১:০৪

ওপেন হার্ট বা বাইপাস সার্জারির জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোলা হয়েছে কার্ডিয়াক সার্জারি বিভাগ। গতকাল রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কার্ডিয়াক সার্জারি বিভাগের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে তাকিয়ে থাকে সারাদেশের রোগী। এতে হূদরোগে আক্রান্তের সংখ্যাও কম নয়। এ বিভাগ চালুর মাধ্য দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হূদরোগে আক্রান্ত রোগীরা পূর্ণাঙ্গ চিকিত্সাসেবা পাবেন। উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ এর (নতুন ভবন) তৃতীয় তলায় কার্ডিওলজি বিভাগের পশ্চিম পাশে কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীসহ আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. খান মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের আধুুনিক সেবার প্রায় সব বিভাগ ঢাকা মেডিক্যালে বিদ্যমান। তবে কার্ডিয়াক সার্জারি ও ভাসকুলার সার্জারির মতো অতি গুরুত্বপূর্ণ একটি বিভাগের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। সে পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি ও ভাসকুলার সার্জারি বিভাগ চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।