মাদক কারবারের অভিযোগ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

আপডেট : ১৬ জুন ২০২৪, ২১:১৮

বগুড়ার শিবগঞ্জে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে জরিপ ফকির নামে এক আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। 

শনিবার (১৪ জুন) শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক তাকে বহিষ্কারের আদেশ দেন।

জরিপ ফকির উপজেলার পিরব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার (১৫ জুন) শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জরিপ ফকিরের বিরুদ্ধে মাদক কারবার ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জরিপ ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার পক্ষে কাজ না করে অন্য প্রার্থীর পক্ষে কাজ করায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি কখনো মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলাম না।

ইত্তেফাক/পিও