বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। নতুন এ তালিকায় ১৪ ধাপ এগিয়ে ১৪০তম অবস্থানে রয়েছে ঢাকা। আর দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ব্যয়বহুল শহরের মধ্যে ঢাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। সোমবার এই তালিকা প্রকাশ করা হয়। খবর সিএনএনের।
গত দুই বছরের মতো এবারও তালিকার শীর্ষে রয়েছে হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুর সিটি। শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের কয়েকটি শহর। আর লন্ডন আছে অষ্টম স্থানে; গত বছরের তুলনায় এবার তারা ৯ ধাপ এগিয়েছে।
এ তালিকায় ভারতের মুম্বাইয়ের অবস্থান ১৩৬তম। আর রাজধানী নয়াদিল্লির অবস্থান ১৬৫তম। এছাড়া চেন্নাই ১৮৯ তম, বেঙ্গালুরু ১৯৫ তম, হায়দরাবাদ ২০২ তম, পুনে ২০৫ তম, কলকাতা ২০৭ তম। শ্রীলংকার রাজধানী কলম্বোর অবস্থান ১৯০তম এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪তম। বিশ্বের ২২৬টি শহরের মধ্যে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভূটান, মালদ্বীপ ও নেপালের কোনো শহরের নাম নেই।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০টি শহরের মধ্যে অর্ধেক বা ৫টি শহরের অবস্থান পশ্চিম ইউরোপে, যার মধ্যে ৪টি শহর সুইজারল্যান্ডে।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল শহর হয়েছে দুবাই। বৈশ্বিক পরিসরে এ অবস্থান ১৫তম; ২০২৩ সালের তুলনায় এ বছর তারা তিন ধাপ এগিয়েছে। অন্যদিকে বসবাসের দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় এবারও ইউরোপীয় শহরগুলোর প্রাধান্য দেখা যাচ্ছে। ইউরোপের এই ব্যয়বহুল শহরগুলোর মধ্যে ১১তম স্থানে আছে কোপেনহেগেন, ২৪তম স্থানে আছে ভিয়েনা, ২৯তম স্থানে আছে প্যারিস ও ৩০তম স্থানে আমস্টারডাম।
ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদন।
