ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদের পুত্রবধূ গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মেরিনা। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকেরা জানিয়েছেন।
জানা গেছে, ধানমন্ডিতে কাজী ফিরোজ রশীদের বাড়ি। ওই বাড়িতে তার ছেলে ও ছেলের স্ত্রী মেরিনাও বসবাস করেন। গতকাল রবিবার রাতে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটে। এ সময় মেরিনা গুলিবিদ্ধ হন। এরপর তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, মেরিনাকে পেছন থেকে গুলি করা হয়েছে। তার অবস্থা শঙ্কাটাপন্ন। রাত একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন করে গুলি বের করার চেষ্টা চলছিল বলে জানা গেছে।
