টি-টোয়েন্টি বিশ্বকাপ 

পুরান ঝড়ে বিধ্বস্ত আফগানিস্তান 

আপডেট : ১৮ জুন ২০২৪, ১৩:৫৫

টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছিল আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে আফগানরা। এদিন পাত্তাই পায়নি আফগানিস্তান। নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিংয়ে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে রশিদ-নবিরা।

মঙ্গলবার (১৮ জুন) সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। তবে জনসন চার্লস ও নিকোলাস পুরানের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। আফগান বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার।

অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন পুরান। ৫৩ বলে ৯৮ রান করে রান আউটের শিকার হন এই ক্যারিবিয়ান ব্যাটার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। আফগানদের পক্ষে গুলাবদ্দিন নাইব নেন ২টি উইকেট।

২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকেন আফগান ব্যাটাররা। দলীয় ৬৩ রানের মধ্যে ৫ ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬ ওভার ২ বলে ১১৪ রানে গুটিয়ে যায় আফগানরা। দলের পক্ষে ইব্রাহিম জাদরান ২৮ বলে ৩৮ ও আজমতুল্লাহ ওমরজাই করেন ১৯ বলে ২৩ রান। ক্যারিবিয়ানদের পক্ষে ওবেড ম্যাকই নেন ৩টি উইকেট।  

ইত্তেফাক/জেডএইচ