তানজিম সাকিবে মুগ্ধ তামিম 

আপডেট : ১৮ জুন ২০২৪, ১৫:০৪

স্বল্প পুঁজি নিয়েও নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেপালের ব্যাটিং লাইনে ধস নামান তিনি। এছাড়াও বিশ্বকাপে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন তানজিম সাকিব। যা মুগ্ধ করেছে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে তানজিম সাকিবের প্রশংসা করে তামিম বলেন, ‘আমার মনে হয় সে (তানজিম) দারুণভাবে নিজেকে প্রকাশ করেছে। সে জোরে উইকেটে হিট করছিল এবং উইকেট থেকে কিছুটা সাহায্য পাচ্ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজটা আমার দারুণ লেগেছে। সে আগ্রাসী ছিল উইকেট নিচ্ছিল। সে ভয় পাচ্ছিল না কোনো ব্যাপারে। দারুণ বোলিং করেছে সে এই টুর্নামেন্টে। শুধু এই ম্যাচে নয় আগের ম্যাচেও, দক্ষিণ আফ্রিকা ম্যাচেও।'

সাকিবের পারফরম্যান্সের কারণে শরিফুল ইসলাম একাদশে জায়গা পাচ্ছেন না বলে মনে করেন তামিম। তিনি আরও বলেন, 'মনে রাখতে হবে শরিফুল ইসলাম কিন্তু খেলছে না, সে পেস আক্রমণের নেতা ছিল। তানজিমের পারফরম্যান্সের কারণে আসলে বাংলাদেশ শরিফুলকে নিতে পারছে না।'

এছাড়া মোস্তাফিজুর রহমানের প্রশংসা করে সাবেক টাইগার অধিনায়ক আরও বলেন, ‘সেকেন্ড লাস্ট ওভার (১৯তম ওভার) উইকেট মেইডেন ছিল। আপনি এটা সচরাচর দেখবেন না। বিশেষ করে যখন ১০৬ রান তাড়া করা হচ্ছে। সে (মোস্তাফিজ) এটা কয়েক বছর ধরেই করছে। বিশেষ করে এই বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। আমি আশা করব সুপার এইটেও সে পারফরম্যান্স ধরে রাখবে। সে দারুণ বোলিং করছে।'

ইত্তেফাক/জেডএইচ