বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিশিন্দারা চকরপাড়া এলাকার দুদুর ছেলে শরীফ ও শফিকুল ইসলামের ছেলে রোমান।
জানা গেছে, ঈদের রাত দেড়টার দিকে তারা চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শোনেন। কিছুক্ষণ পর তারা বেরিয়ে দেখেন শরিফ ও রোমানের রক্তাক্ত লাশ পড়ে আছে। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় তাদের আরেক বন্ধু হোসেনকে। বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন মোবাইল ফোনে শরিফকে ডেকে নেয়। পরে হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই মারা যায় শরীফ ও রোমান।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যার মোটিভ জানতে রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে।
