রাজধানীর কাফরুলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার দিন রাত সাড়ে ১২টার দিকে কাফরুল বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (বিআইসিসি) সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাতে একটি প্রাইভেটকারে পাঁচ বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। মিরপুর এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে বিআইসিসি ক্রসিং দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে রাস্তায় পড়ে।’
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—সায়েম রেজা রাব্বি (২৮) ও রাসেল গাজী (৩০)।
