কক্সবাজারের রামুতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ জুন) রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নে উপরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈদগড় ইউনিয়নের উপরেরখিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পরিষ্কার নয়। ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো বলেন, আমার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বউঘাট উপরেরখীল এলাকায় একটি দম্পতি হত্যার শিকার হয়েছে বলে জেনেছি। আমি কক্সবাজার অবস্থান করায় এর বেশি কিছু বলতে পারছি না। মেয়ের পরিবারের সঙ্গে ভিন্ন ওয়ার্ডের কয়েক লোকের দ্বন্দ্ব ছিল বলে জানতাম। কিন্তু রাতে একই কক্ষে একসঙ্গে দুজনকে হত্যার মতো এমন শত্রুতা কার সঙ্গে তা বুঝে আসছে না।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
