দক্ষিণ আফ্রিকার কালো মানুষের মধ্য থেকে প্রথম মহাশূন্যে যাওয়ার দুর্লভ সুযোগ পেতে যাচ্ছিলেন ম্যান্ডলা মাসেকো(৩০)। আফ্রিকার কালো মানুষদের জন্য গৌরব বয়ে আনা তার আর হলো না! সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। মাসেকোর পরিবার থেকে জানানো হয়েছে শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীর এই সদস্য যুক্তরাষ্ট্রের স্পেস একাডেমিতে ভর্তি হওয়ার জন্য প্রায় ১০ লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে ২৩ জনের মধ্যে নিজের জায়গা করে নেন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে এক সপ্তাহের একটি প্রশিক্ষণেও অংশগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় নিজ এলাকায় তিনি এজন্য ‘অ্যাফ্রোনট’ (আফ্রিকান অ্যাস্ট্রোনট বা আফ্রিকান মহাকাশচারী) হিসেবে পরিচিতি লাভ করেছেন ইতিমধ্যে।
আফ্রিকান এই হবু নভোচারী বলতেন, ‘আমি এমন কিছু করতে চেয়েছি যা আফ্রিকার তরুণদের জন্য উদ্দীপনাদায়ক হবে, উৎসাহব্যঞ্জক হবে। আমি প্রমাণ করতে চেয়েছি, আফ্রিকানরা চাইলে তারা যা অর্জন করতে চায় তা তাদের পক্ষে অর্জন করা সম্ভব, অতীত যাই হোক!’
তিনি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যম বিবিসিকে বলেছিলেন ‘আফ্রিকা থেকে আমার জন্য অন্তত একটি বাক্য ব্যবহার হবে- যেমনটি নীল আর্মস্ট্রং করেছিলেন।’
আরও পড়ুন: সংসদে ‘প্রাণিকল্যাণ বিল- ২০১৯’ পাস
কিন্তু কালো মানুষদের স্বপ্ন, ভালোবাসা বুকে নিয়ে মাসেকোর আর মহাশূন্যে যাওয়া হলো না! সড়ক দুর্ঘটনায় পৃথিবী থেকেই হারিয়ে গেলেন এই আফ্রিকান তরতাজা মেধাবী তরুণ!
ইত্তেফাক/নূহু
