বাকেরগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

আপডেট : ২১ জুন ২০২৪, ১১:০৫

বরিশালের বাকেরগঞ্জে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় 'কৃষি প্রযুক্তি মেলা ২০২৪' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বরিশাল-৬ বাকেরগঞ্জ-১২৪ এর সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহার সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক।

তিনি বলেন, দেশ, মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকতেই জনসেবায় সক্রিয় অংশগ্রহণ করেছি। আপনাদের সহযোগিতা থাকলে বাকেরগঞ্জকে স্মার্ট উপজেলা হিসাবে পরিচিতি পেতে বেশি সময় লাগবে না।

তিনি আরও বলেন, সব অনাবাদি জমি চাষ করতে সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমি আশা করি, সরকারের এ সহযোগিতার সঙ্গে আপনারা শতভাগ পরিশ্রম যোগ করে দেশে কৃষি উৎপাদন বিপ্লবের অংশীদার হবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম ও মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম প্রমুখ।

 

 

ইত্তেফাক/এসটিএম