মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে স্থাপিত ড্রেজার ও পাইপ জব্দ করে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খানের নির্দেশে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। উপজেলার আড়িয়াল খাঁ, কুমার নদ, চরমুগুরিয়া, চোকদার ব্রিজ সংলগ্ন রুটে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
অভিযানে ২টি ড্রেজিং মেশিন অকার্যকর করা হয়। আনুমানিক ৩০০০ মিটার ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়। ড্রেজার পরিচালনাকারী অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসনের পক্ষ হতে অবৈধ ড্রেজারসহ সব প্রকার অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন।
