তিন বছরেও শেষ হয়নি ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ

আপডেট : ২৩ জুন ২০২৪, ২২:৫৩

বরিশালের মুলাদীতে তিন বছরেও শেষ হয়নি গলইভাঙা-খেজুরতলা সড়কের শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন  ৩০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর নির্মাণ কাজ। বিকল্প সড়ক না করে সেতু নির্মাণ করায় ভোগান্তিতে পড়েছেন উপজেলার ৪ ইউনিয়নের কয়েক হাজার মানুষ। 
 
স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর থেকে জানা গেছে, খেজুরতলা-গলইভাঙা সড়কের শরীফ বাড়ি খালে ৩০ মিটার গার্ডার সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের জুলাই মাসে। ১৫ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিলো। ঠিকাদার সেতুর পাটাতন ঢালাই দিয়ে কাজ ফেলে রাখেন। 

স্থানীয়রা জানান, ঠিকাদার পুরাতন সেতু ভেঙে কাজ শুরু করলেও কোনো বিকল্প সড়ক করেননি। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘ দিন ধরে ফেলে রাখা সেতু নির্মাণের কাজ আদৌ আর শেষ হবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।

চরকালেখান ইউনিয়নের ব্ন্দাসি নাসির উদ্দীন বলেন, এই সড়ক দিয়ে বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। বিকল্প সড়ক না করে সেতুর কাজ ফেলে রাখায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে। 

গলইভাঙা বাজারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, সেতুর কাজ শেষ না হওয়ায় প্রায় ৩ বছর ধরে গলইভাঙা বাজার, নোমরহাট, সোনামদ্দিন বন্দরের ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন। প্রায় ৪  কিলোমিটার বেশি ঘুরে মালামাল পরিবহন করতে হচ্ছে। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করা প্রয়োজন।

এ ব্যাপারে ঠিকাদার জসিম উদ্দীনের সঙ্গে কথা হলে তিনি বলেন, শ্রমিক না পাওয়ায় নির্ধারিত সময়ে সেতু নির্মাণের শেষ করা সম্ভব হয়নি। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।
 
উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান জানান, সেতুটির কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নোটিশ করা হয়েছে।

ইত্তেফাক/পিও