বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৪:৩০

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া দিনাজপুরের ফুলবাড়ীতে বাস উলটে ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, ভেড়ামারার হাওখালী ও ভাঙ্গাপুলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন তুহিনুর রহমান তুহিন ও আব্দুস সালাম।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে তুহিন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কে হাওখালী নামক স্থানে পৌঁছালে অন্যদিক থেকে আসা মিনি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আল্লারদর্গা যাওয়ার পথে দ্রুতগামী ড্রাম ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আব্দুস সালামের মৃত্যু হয়। ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জহির জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে বালুবাহী ট্রাকচাপায় আলাউদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম গেটে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, মেডিক্যাল কলেজের প্রথম গেটে বালুবাহী একটি ট্রাক বৃদ্ধকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় জামির আলী (৫৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টায় খুলনা-মাওয়া মহাসড়কের আরা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান তানু বলেন, ঘাতক বাস ও চালককে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে গিয়ে তিন নারীসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুরস্থ ইফতি ফ্লাওয়ার মিলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপকমিউনিটি মেডিক্যাল অফিসার আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় আহত ১৫ জন যাত্রীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে এক জন নারীসহ চার জনের অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উলটে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে সড়ক পরিবহন আইনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম