অনশনরত দিল্লির পানিমন্ত্রী অতীশি, অসুস্থ হয়ে হাসপাতালে

আপডেট : ২৫ জুন ২০২৪, ১৬:৪৬

ভারতের রাজধানী দিল্লির পানিমন্ত্রী অতীশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির পানি সংকটের সমাধান চেয়ে গত ৫ দিন ধরে অনশন করছিলেন তিনি। হঠাৎ তার সুগার লেভেল স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়ায় মঙ্গলবার (২৫ জুন) ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জানা গেছে, তার সুগার লেভেল ৩৬ এ নেমে গেছে। আম আদমি পার্টি (এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, অতীশিকে আইসিইউতে নেওয়া হয়েছে।

চিকিৎসকদের তরফে জানা গেছে, গত ৫ দিন ধরে কিছু না খাওয়ায় তার ওজন ২ কেজি কমে গেছে। বেড়ে গেছে কিটোন লেভেল। হাসপাতালে ভর্তির পর তাকে খাবার খেতে বলা হয়েছিল তবে তিনি কোনো কিছু খেতে রাজি হননি। 

Getty Images NEW DELHI, INDIA - JUNE 22: Atishi, Delhi Water Minister seen along CPI leader D Raja and AAP leader Sanjay Singh during the 2nd Day of "Pani Satyagrah" against the Haryana Government at Bhogal, Jangpura on June 22, 2024 in New Delhi, India. The water minister said that Delhi depends on neighbouring states for water. It receives 1,005 MGD water from neighbouring states through rivers and canals, out of which Haryana provides 613 MGD, she said. In the extreme summer heat faced by Delhi, Haryana has reduced its share to 513 MGD for a few weeks affecting over 28 lakh people, she added. (Photo by Sanchit Khanna/Hindustan Times via Getty Images)

দীর্ঘদিন ধরেই তীব্র পানির সংকটে ভুগছে দিল্লি। চলতি বছর গ্রীষ্মকালে শহরের তাপমাত্রা ছিল গড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বিদ্যুৎ ও পানির চাহিদা বেড়েছে, যা  শহরের সম্পদের ওপর চাপ সৃষ্টি করছে।

পানি সরবরাহ প্রায় শেষ হয়ে যাওয়ায় মানুষকে ট্যাঙ্কারে সরবরাহ করা পানির ওপর নির্ভর করতে হচ্ছে।

দিল্লির ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলায় ১৯৯৬ সালে দিল্লিকে জলের একটি অংশ সরবরাহে হরিয়ানা রাজ্যকে নির্দেশ দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত।

কিন্তু দিল্লিতে প্রয়োজনীয় পানি না দেওয়ার জন্য হরিয়ানা সরকারকে দায়ী করেছেন অতীশি। তার অভিযোগ, শর্ত অনুযায়ী দিল্লিকে ৬১৩ এমজিডি জল সরবরাহের কথা হরিয়ানার। তবে মাত্র ৫১৩ এমজিডি জল পাঠানো হচ্ছে। বরাদ্দ জল না পাঠানোর জেরে দিল্লির প্রায় ২৮ লাখ মানুষ জল পাচ্ছেন না।

অবশ্য হরিয়ানার ক্ষমতায় থাকা বিজেপি এই অভিযোগ অস্বীকার করে দিল্লির পানি সংকটের জন্য এএপি সরকারের অব্যবস্থাপনাকে দায়ি করেছে।

ইত্তেফাক/এনএন