অবশেষে গৃহে ফিরছে ‘স্ত্রী’!

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৬:৩০

প্রায় ৬ বছর আগে পর্দায় আসে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত স্ত্রী। সিনেমাটি মুক্তির পর বক্স অফিস মাতানোসহ  দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। এরপর থেকেই সিনেমাটির সিক্যুয়েল দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘স্ত্রী টু’। 

সম্প্রতি সিনেমাটির টিজার সামনে এনেছেন নির্মাতা। যেখানে রাজকুমার ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে নজর কেড়েছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। ঘোমটা দিয়ে মুখ ঢাকা স্ত্রীর মূর্তির ওপর জল ঢালার দৃশ্য দিয়ে শুরু হচ্ছে টিজারটি। মূর্তির পাদদেশে লেখা ‘ও স্ত্রী রক্ষা করো।’ রাজকুমার রাওয়ের চোখ-মুখে আতঙ্ক! বলছেন, ‘ও তো সত্যিই এসে গিয়েছে।’ 

এরপর স্ব-মহিমায় শ্রদ্ধা থুরি ভূতনী স্ত্রী। রাজকুমার ফিরেছেন তার ভিকি চরিত্রটি দিয়েই। শ্রদ্ধা এবারও ভয় ধরালেন দর্শকদের। সব মিলিয়ে ১ মিনিটের টিজার মুগ্ধ করেছে দর্শকদের। টিজারটি দেখার পর অনেকেই শ্রদ্ধার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘ও স্ত্রী জলদি এসো।’ 

অন্য একজন লিখেছেন, ‘শ্রদ্ধা কাপুরকে একই সঙ্গে চিৎকার করতে এবং হাসতে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না! কে জানত ভূত এমন বিনোদন দিতে পারে?’ এমন অসংখ্য কথায় ভরে গেছে কমেন্টস বক্স। তবে ‘স্ত্রী টু’র সঙ্গে একই দিন মুক্তি পাবে অক্ষয় কুমার ও তাপসী পান্নুর খেল খেল মে, জন আব্রাহাম, শর্বরী ও তামান্না অভিনীত ‘ভেদা’। তারকাবহুল ও আলোচিত দুই সিনেমার একই দিন মুক্তি বক্স অফিসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সিনেমাবোদ্ধারা।

ইত্তেফাক/এমএএম