বিমান এয়ারলাইনসের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, ধান ছড়িয়ে পড়ল রাস্তায়

আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:০১

রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি মাইক্রোবাসকে পাশ থেকে ধাক্কা দিয়েছে ধানের বস্তাবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকটি উল্টে যায় ও সড়কের ওপর ধান ছড়িয়ে পড়ে। বুধবার (২৬ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশ সদস্যরা জানায়, মাইক্রোবাসটি রাসেল স্কয়ারের মোড় পার হয়ে আসাদগেটের দিকে যাচ্ছিল। আর আসাদগেটের দিক থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিল ট্রাকটি। সে সময় মাইক্রোবাসটির পাশে সজোরে ধাক্কা দিয়ে ট্রাকটিই উল্টে যায়। এত ট্রাকটির কিছু অংশ মাইক্রোবাসের ওপরে পড়ে।

দুর্ঘটনার সময় যানবাহন দুটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তারা দুজনই অক্ষত আছেন।

দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাকটি থেকে ধান সড়কের ওপর ছড়িয়ে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে সড়কে পড়ে থাকা ধান সরিয়ে নেওয়া হয়।

ইত্তেফাক/এসজেড