একাদশ ও দ্বাদশ শ্রেণির :ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৯:৩৩

মুনাফাকে ঝুঁকি গ্রহণের প্রতিদান বা পুরস্কার বলা হয়

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র থেকে সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর দেয়া হলো। মনোযোগ দিয়ে চর্চা করো।

পুলক বাবু একজন প্রথম শ্রেণির ঠিকাদার । তিনি মেঘনা নদীর উপর একটি সেতু তৈরির কাজ পেলেন। সেতু তৈরির কাজে ‘ইআই ডটকম’ নামের একটি প্রকৌশলী ফার্মের সহায়তা নেন। সেতু তৈরি হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সুগম হবে।

ক. ব্যবসায় কী?                           ১

খ. মুনাফাকে কেন ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়?                ২

গ. সেতু তৈরির কাজটি কোন ধরনের শিল্পের অর্ন্তগত? ব্যাখ্যা করো।        ৩

ঘ. সেতু তৈরিতে প্রকৌশলী ফার্মের সহায়তাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর -ক. মুনাফা অর্জনের উদ্দেশ্যে উত্পাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।

উত্তর -খ. ব্যবসায়ের আয় থেকে খরচ ক্ষতি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই মুনাফা বলে।

ব্যবসায়ে মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। একজন চাকরিজীবী স্থির আয়ের মানুষ। কিন্তু ব্যবসায়ীর আয় মুনাফা অর্জন সামর্থ্যের ওপর নির্ভরশীল। মুনাফা হবে ধরে নিয়ে ব্যবসায়ী ব্যবসায় করলেও সেখানে আর্থিক অনিশ্চয়তা বা ঝুঁকি থাকে। এই ঝুঁকি না নিলে ব্যবসায় করা যায় না। ঝুঁকি বেশি হলে মুনাফার পরিমাণও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের প্রতিদান বা পুরস্কার বলা হয়।

উত্তর -গ. সেতু তৈরির কাজটি নির্মাণ শিল্পের অন্তর্গত। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। একমাত্র নির্মাণ শিল্পের মাধ্যমেই সরকার তথা দেশ ও জনগণের সরাসরি উপকার করতে পারে।

উদ্দীপকে দেখা যায়, পুলক বাবু একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি মেঘনা নদীর উপর একটি সেতু তৈরির কাজ পেলেন। যেহেতু তিনি সেতু তৈরির কাজ করছেন সেহেতু এটি নির্মাণ শিল্পের অন্তর্গত। কারণ তিনি নদীর উপর সেতু তৈরি করেন। তাই বলা যায়, এটি নির্মাণ শিল্পের অন্তর্গত।

উত্তর -ঘ. সেতু তৈরিতে প্রকৌশলী ফার্মের সহায়তা অবশ্যই যুক্তিযুক্ত। স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল সেবা প্রদান করে থাকেন তাকে প্রত্যক্ষ সেবা বলে। যেমন : ডাক্তার, উকিল, প্রকৌশলী ইত্যাদি।

উদ্দীপকে দেখা যায়, পুলক বাবু একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি মেঘনা নদীর উপর একটি সেতু তৈরির কাজ পেলেন। সেতু তৈরির জন্য ইআই ডটকম নামের একটি প্রকৌশলী ফার্মের সহায়তা নেন যা প্রত্যক্ষ সেবার অর্ন্তগত।

তাই বলা যায়, সেতু তৈরিতে প্রকৌশলী ফার্মের সহায়তা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি অত্র এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নতি করবে।