পটুয়াখালীতে প্রায় ২৭ হাজার ক্যান চাইনিজ বিয়ার জব্দ

গ্রেপ্তার ৩

আপডেট : ২৮ জুন ২০২৪, ১৯:১৭

পটুয়াখালীতে ২৬ হাজার ৮৮০ ক্যান অবৈধ চাইনিজ বিয়ার জব্দ করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কার্গো ট্রাকসহ ৩ যুবককে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার ভোররাতে পটুয়াখালী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। স্বাধীনতার পর বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবচেয়ে বড় চালান। 

গ্রেপ্তাররা হলেন দিনাজপুরের ফুলবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিরুল ইসলাম, কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া চৌরাস্তা এলাকার মেহেদী হাসান রাব্বি ও বরিশাল কাউনিয়া এলাকার বাসিন্দা কার্গো ট্রাকের চালক রুবেল মুন্সী। তাদের মধ্যে বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত। 

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চায়না থেকে নৌ-পথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে সেগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। 

তিনি আরও বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরের দিকে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ইত্তেফাক/জেডএইচডি