রাশিয়ার গ্রামে ইউক্রেনের হামলা, নিহত ৫ 

আপডেট : ২৯ জুন ২০২৪, ১৯:৪২

রাশিয়ার সীমান্তবর্তী গ্রামের একটি বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আজ শনিবার রাশিয়ার আঞ্চলিক গভর্নর এ কথা বলেছেন। খবর এএফপি’র। 

খবরে বলা হয়, ড্রোনটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র কয়েক মিটার দূরে রাশিয়ার কুরস্ক অঞ্চলের ছোট্ট গ্রাম গোরোদিশের একটি বাড়তে আঘাত হানে। 

কুরস্কের গভর্নর আলেক্সি স্মিরনভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। সেখানে এ হামলায় পরিবারের আরো দুই সদস্য আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর।’ 

তিনি আরো বলেন, একটি ‘কপ্টার’ স্টাইলের ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। এ ধরনের হামলার ক্ষেত্রে একটি ছোট ডিভাইস ব্যবহার করা হয় যাতে করে গ্রেনেড বা অন্যান্য বিস্ফোরক বহন করে লক্ষ্যবস্তু উপর ফেলা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকেই উভয় পক্ষই পরস্পরকে ঘায়েল করতে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে আসছে। 

ইত্তেফাক/এসআর