গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর পরই বর্ষার আগমন ঘটেছে তাঁর নিজস্ব রূপ ও গুণ নিয়ে। প্রকৃতিতে স্পষ্ট হয়ে উঠেছে কালো মেঘের রং আর মুষলধারে বৃষ্টির ছোঁয়া। আর এই সময়ে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা একটু হলেও বদলে যায়। এই বর্ষায় পথচারীকে শহুরে রাস্তায় চলার সময় কাদা, জল ইত্যাদি নানা ঝামেলা পেরিয়ে চলতে দেখা যায়। যার কারণে একজন সচেতন নাগরিককে পোশাক নির্বাচন করতে হয় একটু চিন্তা-ভাবনা করে। তাই এ ঋতুতে পোশাকের রং ও ডিজাইনেও থাকে ভিন্নতা। দেশের অন্যতম ফ্যাশন হাউস বিশ্বরঙ এ বর্ষায় এসব বাস্তবতাকে মাথায় রেখে ক্রেতাদের জন্য বর্ষার কালেকশন সাজিয়েছে। ফ্যাশন হাউসটি বর্ষার বৈশিষ্ট্যকে ধারণ করে সাজিয়েছে এবারের বর্ষার আয়োজন। এই বর্ষায় ছেলেমেয়েদের পোশাকে মূলত কদমফুল, ছাতা ও বৃষ্টির বিভিন্ন মোটিফের কাজ প্রাধান্য পেয়েছে এবং পোশাকে বর্ষার নীল রং ছাড়াও সবুজ, হালকা কমলা, অ্যাশ, কালো, লেমন ও হালকা রং ব্যবহার করা হয়েছে। পরতে আরামদায়ক সুতি কাপড় ব্যবহার করা হয়েছে বেশির ভাগ পোশাকে। শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি, ছেলেমেয়েদের কুর্তা, টি-শার্ট ছাড়াও বিভিন্ন শিল্পীর বর্ষার সিডি পাওয়া যাবে বিশ্বরঙের সবক’টি আউটলেটে।
