জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট পাশ করা হয়েছে। তবে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৪৫ লাখ টাকা, যা মোট বাজেটের ০.১৫ শতাংশ।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এই বাজেট পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এই বাজেট উত্থাপন করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২৭৯ কোটি ১২ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্রে ৩৯ কোটি ৩২ লাখ টাকা আয় হবে।
বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে ৭ কোটি ২২ লাখ টাকা, যা মোট বাজেটের ২.৪৫ শতাংশ। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৮৯ কোটি ৮৭ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪.৫৫ শতাংশ। পেনশন ও অবসরকালীন সুবিধা বাবদ বরাদ্দ ৩১ কোটি ৯০ লাখ টাকা, যা মোট বাজেটের ১০.৮৪ শতাংশ। পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ৪৮ লাখ টাকা, যা মোট বাজেটের ২২.৬০ শতাংশ। পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৬ লাখ টাকা, যা মোট বাজেটের ২.৬৪ শতাংশ। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪৫ লাখ টাকা, যা মোট বাজেটের ০.১৫ শতাংশ।
অন্যদিকে সিনেট অধিবেশন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। তবে ‘লোকদেখানো’ আখ্যা দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বয়কট করেন বিএনপিপন্থী সিনেটররা। এছাড়া পেশাগত দায়িত্ব পালনে অসহযোগিতা করায় সিনেটের ইতিবাচক সংবাদ বয়কট করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা।
