ভারতে ‘তুফান’ মুক্তির তারিখ জানালেন তরণ আদর্শ

আপডেট : ৩০ জুন ২০২৪, ১৩:২৩

সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ ভারতে কবে মুক্তি পাবে তার দিনক্ষন জানিয়েছেন ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। শনিবার (২৯ জুন) সোশ্যাল মিডিয়ায় ‘তুফান’ ছবির পোস্টার শেয়ার করে তরণ জানান, বাংলাদেশের সুপারহিট ছবি ‘তুফান’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ভারতে।  

তরণ তার পোস্টটির হ্যাশট্যাগে রেখেছেন শাকিব খানসহ সিনেমার চার অভিনয়শিল্পীর নাম।

এর আগে শোনা যাচ্ছিল, ২৮ জুন ভারতসহ বিভিন্ন দেশে একযুগে মুক্তি পাবে তুফান। কিন্তু ওইদিন বিশ্বের ১৫টি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলেও ভারতে কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে ছিল সংশয়। অবশেষে তরণের পোস্টে জানা গেল ভারতে সিনেমাটি মুক্তির দিন।

ভারতে সিনেমাটির পরিবেশক এসভিএফ। প্রযোজনা সংস্থা থেকে আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ভারতে বাংলা ছাড়াও আরো কয়েকটি ভাষায় তুফান মুক্তি পেতে পারে। অনেকেই ধারণা করছেন, ডাবিং সম্পন্ন করতেই এক সপ্তাহ বেশি সময় নিয়েছে প্রযোজনা সংস্থা।

ঈদ উপলক্ষে গত ১৭ জুন বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ।

ইত্তেফাক/পিএস