ভারত বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দেশের জার্সিতে তিনি আর কখনো টি-টোয়েন্টি খেলবেন না। তার সঙ্গে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও একই সিদ্ধান্ত নিয়েছেন। তবে রোহিত অবসর ঘোষণা দেওয়ার পর থেকেই ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন? সেটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এই তালিকায় তিন ক্রিকেটার নাম শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমসূত্রে ধারণা করা হচ্ছে, তাদের থেকেই বেছে নেওয়া হবে পরবর্তী নেতা।
রোহিতের দায়িত্ব নেওয়ার জন্য হার্দিক পান্ডিয়া সবচেয়ে বেশি এগিয়ে আছেন এবং যৌক্তিক পছন্দ হিসেবে তিনি রয়েছেন। ইতিমধ্যেই দলের সহ-অধিনায়ক এবং আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে পান্ডিয়া রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাতে তার নামই জোরেশোরে উচ্চারিত হচ্ছে। এরপরেই রয়েছেন রিশভ পন্ত। দুর্ভাগ্যজনক দুর্ঘটনার এক বছর পর আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন পন্ত। দিল্লি ক্যাপিটালসের হয়ে তার প্রত্যাবর্তনের গল্প ছিল অত্যাশ্চর্য। সেখানে পারফরম্যান্সের কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবে নির্বাচিত হন।
এবার অধিনায়ক হিসেবে তার নামও সামনে এসেছে। এই দুই ক্রিকেটার ছাড়া আলোচনায় রয়েছেন জাসপ্রিত বুমরাহও। ভারতকে সফল করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বুমরাহ। হয়েছেন টুর্নামেন্ট-সেরা। বল হাতে তিনি যা করেছেন তা অসম্ভব পরিস্থিতি থেকে জয়ের দিকে নিয়ে গেছে ভারতকে। তবে বুমরাহর এখন পর্যন্তও বৃহত্তর পরিসরে অধিনায়কত্বের কোনো অভিজ্ঞতা নেই। তবু সামগ্রিক বিষয় বিবেচনা করে তাকে অধিনায়ক করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবার না হলেও ভবিষ্যতে অবশ্যই শক্তিশালী প্রার্থী তিনি থাকবেন।
