মিনিস্টার ব্র্যান্ডের এলইডি টিভির ট্যাগ এবং বিক্রয়ের রশিদে সেন্টিমিটারের পরিবর্তে ইঞ্চিতে পরিমাপ উল্লেখ করায় বিজয় সরণি এলাকার মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া গতকাল সোমবার ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে একই আইনে আরো ৯টি মামলা দায়ের করা হয়। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর আগারগাঁও কাঁচাবাজার এলাকার মো. খোকনের সবজি দোকান, মো. আব্দুল রাজ্জাকের মাংসের দোকান, মেসার্স মো. আদদোহর মুরগির দোকান এবং রানা স্টোরের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় তাদের বিরুদ্ধেও মামলা করা হয়।
এছাড়াও শ্যামলী এলাকার মেসার্স হেনড্রিক দোকানের পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের মোড়কে বাংলা ভাষায় ওজন, মূল্য, উত্পাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় এবং ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায়; মিরপুর এলাকার রসের ফোটা মিষ্টির সৃষ্টির ব্রেড পণ্যের ওজন না থাকা, বাদামের প্যাকেটে পণ্যের পরিচিতি, ওজন, মূল্য উল্লেখ না থাকায় এবং শেওড়াপাড়া এলাকার আলী বাবা সুইটসের কেক পণ্যের ওজন, মূল্য, উত্পাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
