কারাগারের টয়লেট দিয়ে পালাল ৩ বন্দী

আপডেট : ০২ জুলাই ২০২৪, ২৩:১৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দুকি শহরের একটি সাবজেল থেকে তিন বন্দী পালিয়ে গেছেন। মঙ্গলবার (২ জুলাই) ঘটে যাওয়া এ ঘটনার এর আগে গত রোববার আজাদ কাশ্মীরেরও একটি কারাগার থেকে ১৯ কয়েদি পালিয়ে যান। তাদের মধ্যে  মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জন আসামি ছিলেন। 

দুকি পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল আহমেদ মারি জানান, আসমাতুল্লাহ, আবদুল কবির ও মোহাম্মাদ সাদিক নামে ওই তিন বন্দী ডাকাতি ও খুনের অপরাধে জড়িত ছিলেন। 

জলিল আহমেদ মারি আরও জানান, ওই সাবজেলে বিচারাধীন ১৩ বন্দীকে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে তারা কারাগার চত্বরে থাকা টয়লেটে যান। এ সময় কৌশলে পালিয়ে যান তারা। তবে তাদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।

এ ঘটনায় পলাতক তিন বন্দীসহ কারাগারের ওয়ার্ডেন ও দুজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

বেলুচিস্তানের কারা পুলিশ মহাপরিদর্শক এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ডন

ইত্তেফাক/এসজেড