২০২৪-২০২৫ অর্থবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রস্তাবিত বাজেট ৫১৮ কোটি ৯৫ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। গত ৩০ জুন সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩২তম সভায় বাজেট অনুমোদন করা হয়।
গতকাল মঙ্গলবার (২ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ১৪ কোটি ২ লাখ, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লাখ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লাখ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লাখ, বেতন ও ভাতাদি খাতে ৩০০ কোটি ৮৯ লাখ, পেনশন খাতে ৯২ কোটি ৮৫ লাখ ও অন্যান্য খাতে ৩ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, 'এবার গবেষণা খাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়েছে।'
রাবি-ব্র্যাক এআইএসপি কর্মসূচি সমাপ্ত
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ব্র্যাক আয়োজিত দুই মাসব্যাপী কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। কোর্স কো-অর্ডিনেটর ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান- উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক খন্দকার মো. মোজাফফর হোসেন, বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্র্যাকের এআই এন্টারপ্রাইজের এজিএম সেল্স ডা. মো. শওকত আলী।
