ফরিদপুর সদরে বিদ্যুৎ মিটারের কারসাজি ধরে ফেলায় স্ত্রী, সন্তানসহ এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক ও তার পরিবার।
মঙ্গলবার (২ জুলাই) বিকালে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকের নাম রবিউল হাসান রাজিব। তিনি দৈনিক মুক্ত খবর নামের একটি পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি।
জানা গেছে, রাজিবের বাড়ির পাশে জামাল মল্লিক নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত ইজি বাইক ও অটো রিক্সা চার্জ দেওয়ার ব্যবসা করে আসছে। অভিযোগ উঠে জামাল দিনে ৪০ থেকে ৫০টি অটো চার্জ দিলেও মিটার কারসাজি করে বিদ্যুৎ বিল কম দেয়। এ ব্যাপারে পেশাগত দায়িত্ব পালন করে রাজিব বিদ্যুৎ অফিসে অভিযোগ দেন। এতে তার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় মারধরের হুমকি দিয়ে আসছিল জামাল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে সাংবাদিক রাজিবকে জামাল ও তার সহযোগীরা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় রাজিবের চিৎকারে স্ত্রী তানিয়া আক্তার (২৪) এগিয়ে এলে হামলাকারীরা তানিয়াকেও কিলঘুষি মারে। তানিয়ার কন্যা শিশু রাফিয়া তাসনিম (৬) কান্নাকাটি করলে তাকেও গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় হামলাকারীরা।
ভুক্তভোগী রাজিব বলেন, বিষয়টি নিয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দিয়েছি। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয় ইউপি সদস্য রাহাতুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার সামনেই জামাল মল্লিক, তার ছেলে ও শ্যালকরা মিলে রাজিবকে কিলঘুষি মারে।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি জানান, আমরা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
