নাগেশ্বরীতে বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৪৭

ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী হতে রংপুর পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছে নাগরিক কমিটি।

সোমবার নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্তর থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত কেবি সড়কের দুপাশে দাঁড়িয়ে এতে অংশগ্রহণ করে নাগেশ্বরীর সর্বস্তরের মানুষ।

বক্তব্য রাখেন—অধ্যক্ষ নাসিমুল ইসলাম মণ্ডল রবু, প্রভাষক মনোয়ার হোসেন সিদ্দিকী, আ ম প আনিছুর রহমান আনিছ, বণিক সমিতির সভাপতি নুরুন্নবী দুলাল প্রমুখ।

কক্তারা বলেন, রংপুর পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু না থাকায় প্রতিদিন অসংখ্য মানুষ যাত্রাপথে নানা হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। পরে তারা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভুরুঙ্গামারী-রংপুর সড়কে সরাসরি মেইল বাস চললেও জেলা মোটর মালিক সমিতি, কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির দ্বন্দ্বে বন্ধ হয়ে যায়।